দত্তপুকুর: অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্সে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় সিপিএমের দত্তপুকুর এরিয়া কমিটির সদস্য হাবিব আলি-সহ তিনজনকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বারাসত ১ নম্বর ব্লক অফিসে জনকল্যাণ শিবির চলাকালীন অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, যোগ্য সকলের কাছে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দিতে হবে। সেই বিক্ষোভে স্থানীয় সিপিএম নেতা হাবিব আলিও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
অভিযোগ, বিক্ষোভের এক পর্যায়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি থাকা ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে তাতে আগুন লাগানো হয়। সরকারি শিবিরে ভাঙচুরের অভিযোগও উঠেছে। পুলিশের দাবি, ঘটনাস্থলে উপস্থিত থেকে হাবিব আলিও ওই ঘটনায় যুক্ত ছিলেন। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ হাবিব আলি, হাকিমা বিবি ও জাহাঙ্গির আলিকে গ্রেফতার করে।
আদালতে পেশ, পুলিশ হেফাজতের নির্দেশ
গ্রেফতারির পর শনিবার তিনজনকেই বারাসত আদালতে পেশ করা হয়। আদালত তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, ভাঙচুর এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার মতো অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, হাবিব আলির দাবি, সাধারণ মানুষের হয়ে কথা বলার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ফলে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে শুরু হওয়া বিক্ষোভকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
ঘটনার পর দত্তপুকুর এলাকায় পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ওই রাতেই দত্তপুকুরের একাধিক সিপিএম কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। সিপিএম এই ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে, যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনার তদন্ত চালাচ্ছে দত্তপুকুর থানার পুলিশ। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিক্ষোভ থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক সংঘাত—গোটা ঘটনাক্রম এখন উত্তর ২৪ পরগনার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।